দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটসহ বিভিন্ন মানের সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে বাজার পরিস্থিতি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের পরিবর্তন পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হলমার্ক সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এর আগে প্রতি ভরি এ সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হতে পারে। নতুন এ মূল্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের জুয়েলারি দোকানগুলোতে কার্যকর থাকবে।
আরু|



