পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাতের পুলিশ সদরদপ্তর বা পুলিশ লাইন এলাকার একটি মসজিদের প্রবেশপথে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের গেটের দিকে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিকভাবে উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল, বিস্ফোরণে সাতজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। পরে হাসপাতালে হতাহতদের সংখ্যা বাড়তে থাকায় পরবর্তী প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ থেকে ১৬ জনে পৌঁছানোর কথা জানানো হয়।
হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলির খবরও পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।
কোহাত আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি এলাকা। সেখানে পাকিস্তানি তালেবান বা টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। তবে বর্তমান হামলার সঙ্গে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং বিস্ফোরণের ধরন নিয়ে তদন্ত চলছে।
সূত্র: আলজাজিরা, জিও নিউজ, ডন
আরু|



