দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে ১১ ওভারের পর আর মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ম্যাচটিই হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। আর সেই ম্যাচেই দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচে আগে ব্যাট করে ১৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম। রিশাদ ৪৫ রান দিয়ে নেন ৪ উইকেট। আর আলিস ৩৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কুয়েস অ্যাকেরম্যান ৫৪ ও ইমরান মানাক করেন ৪৩ রান। তবে বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ ‘এ’ দল। উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান। সাইফ হাসান ৫৩ বলে ৬১ এবং মোহাম্মদ নাঈম শেখ ৭৭ বলে ৬০ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন।
এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৩ রান করেন। শেষ পর্যন্ত আফিফ হোসেন ৬ ও রিশাদ হোসেন ৫ রানে অপরাজিত থেকে ৫ উইকেটের জয় নিশ্চিত করেন।
এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ ‘এ’ দল।
আরু|



