দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে প্রায় চার মাসে মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদরদপ্তর জানায়, বিশেষ অভিযান ও অন্যান্য অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ৪৩৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।
অন্যদিকে, অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্য।
পুলিশ সদরদপ্তর আরও জানায়, এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিশেষ অভিযান ও নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে দেশজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরু|



