ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেল কক্ষ অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য অন্তত ২০০ ইউরো পরিশোধ করতে হবে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে।
জানা গেছে, গত ১৬ আগস্ট রোমে অনুষ্ঠিত একটি কনসার্টে পারফর্ম করেন জেমস। তাঁর ইউরোপ সফরের সূচিতেও ওই দিন রোমে কনসার্টের তথ্য ছিল। কনসার্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি হোটেল কক্ষের কয়েকটি ছবি এবং আয়োজক পক্ষের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কথোপকথনের কিছু স্ক্রিনশট।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, কক্ষের মেঝেতে প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন আবর্জনা পড়ে আছে। ডাইনিং টেবিলে ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ ও খাবারের উচ্ছিষ্টও দেখা যায়। রান্নাঘরের সিঙ্কে জমে থাকা নোংরা থালা-বাসনের ওপর কাঁচা ডিম পড়ে থাকতে দেখা গেছে বলেও ছবিগুলোতে দাবি করা হয়েছে।
এ ছাড়া কক্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র ও আবর্জনা দেখা যায়। এসব ছবি দেখিয়ে হোটেল কর্তৃপক্ষ আয়োজক প্রতিনিধির কাছে অসন্তোষ প্রকাশ করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনে দেখা গেছে।
হোটেল কর্তৃপক্ষের একটি বার্তায় বলা হয়েছে, ওই অতিথিরা সকালে অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার পর কক্ষটির অবস্থা তাদের নজরে আসে। বিষয়টি নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে আয়োজক প্রতিনিধির প্রতি আহ্বান জানানো হয়।
ওই কথোপকথনে আরও দাবি করা হয়েছে, ভবিষ্যতে একই হোটেলের সুবিধা ব্যবহার করতে হলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে। অতিরিক্ত পরিচ্ছন্নতার এই অর্থ পরিশোধ না করলে ভবিষ্যতে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের কক্ষ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে, রোমের ওই কনসার্টকে কেন্দ্র করে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ অভিযোগের পক্ষে এখনো স্বাধীনভাবে যাচাই করা কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ এবং ২০০ ইউরো অতিরিক্ত পরিচ্ছন্নতা ফি দেওয়ার বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের ভিত্তিতেই অভিযোগগুলো সামনে এসেছে।
এ বিষয়ে এখন পর্যন্ত জেমস, তাঁর ম্যানেজার কিংবা সফরসঙ্গীদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরু|



