ব্রাজিলের ঐতিহ্যবাহী নকআউট টুর্নামেন্ট কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস। প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগে রেমোকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ মিলিয়ে ১-০ ব্যবধানে শেষ আট নিশ্চিত করেছে নেইমারের দল।
বুধবার (৫ আগস্ট) ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
তবে ২৮তম মিনিটে রেমোর ডিফেন্ডার মার্লন সরাসরি লাল কার্ড দেখলে ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কৌশলগত পরিবর্তন আনেন সান্তোসের কোচ কুকা। ৪৬তম মিনিটে একসঙ্গে মাঠে নামানো হয় নেইমার, রনি ও উইলিয়ান আরাওকে। এই পরিবর্তনের পর সান্তোসের আক্রমণের গতি অনেক বেড়ে যায়।
ম্যাচের ৭৪তম মিনিটে নেইমারের দারুণ এক থ্রু পাস থেকে গোল করেন বদলি খেলোয়াড় রনি। সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সান্তোসের। মাঠে নামার পর নেইমার আক্রমণভাগে প্রাণ ফিরিয়ে আনেন এবং ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া অ্যাসিস্টটি করেন।
পরিসংখ্যানেও আধিপত্য ছিল সান্তোসের। তারা ৬৯ শতাংশ সময় বলের দখল ধরে রাখে এবং ১৬টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেমো ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র ৩টি।
প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগের এই জয়ে দুই ম্যাচ মিলিয়ে ১-০ ব্যবধানে কোপা ডু ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে উঠে গেল সান্তোস। নেইমারের প্রত্যাবর্তনের পর দলটির জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানো একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে বিবেচিত হচ্ছে।
আরু/



