চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি। নতুন রুটিন অনুযায়ী আগামী ২০ আগস্ট থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং ৯ সেপ্টেম্বর শেষ হবে।
বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত থাকা পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। সবশেষে ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চললেও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা নতুন সময়সূচির অপেক্ষায় ছিলেন। অবশেষে সংশোধিত রুটিন প্রকাশের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হলো।
আরু/



