ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার বিষয়ে বক্তব্য দেবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের (এফসিসি সাউথ এশিয়া) এ অনুষ্ঠানের আয়োজন করছে। এটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা প্রকাশ্য গণমাধ্যম অনুষ্ঠানে অংশ নেননি। ফলে এই বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার প্রথম বড় প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশ্লেষকের অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক আওয়ামী লীগ সরকারের একাধিক নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে উল্লেখ্য, শেখ হাসিনার বক্তব্যে কী ঘোষণা আসবে বা তিনি কী ধরনের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অনুষ্ঠানেই এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
আরু/



