সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিক্ষা উপবৃত্তিসহ পাঁচ ধরনের সরকারি ভাতার জন্য নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে।
শনিবার (১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আবেদন সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার জারি করা নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির নতুন আবেদন নেওয়া হচ্ছে।
এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও একই সময়ে গ্রহণ করা হবে।
আগ্রহীরা dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে পারবেন।
প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের জন্য সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচিতে নতুন করে বিবেচিত হবেন না।
এদিকে, আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নতুন আবেদন এবং অপেক্ষমাণ আবেদনগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যাচাই-বাছাই শেষে অনুমোদিত উপকারভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
আবেদন ও যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আরু/



