চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুর রহমান (প্রায় ৬৫) দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে একাই গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন ছেলে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে আবদুর রহমানের সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হচ্ছিল না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে তারা স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেন।
সোমবার (২৮ জুলাই) বিকেলে স্বজনরা বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে খাটের ওপর তার গলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত শুক্রবার গ্রামের একটি চায়ের দোকানে আবদুর রহমানকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাকে আর কেউ দেখেনি। দীর্ঘ সময় ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ। অসুস্থতা বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, আবদুর রহমান দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে একাই বসবাস শুরু করেন। চলতি বছরের শুরুতে তার এক ছেলের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী ও ছেলেরা আবার দুবাইয়ে ফিরে যান। এরপর থেকে তিনি একাই বাড়িতে থাকতেন। তবে মাঝে-মধ্যে তার পুত্রবধূ এসে খোঁজখবর নিতেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরু/


