মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল (জান্নাতুল ফেরদৌস পিয়া) প্রাণনাশের হুমকি ও দীর্ঘদিন ধরে অনুসরণ করার অভিযোগ এনে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় রাজধানীর বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ নির্দেশ দেন। আদালতে জিডির তদন্ত অনুমতির বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় পিয়া জান্নাতুল নিজেও আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পিয়া। পরে তদন্তের অনুমতির জন্য বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে বিচারক পুলিশকে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জিডিতে পিয়া জান্নাতুল উল্লেখ করেন, সম্প্রতি এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হুমকি পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা, অজ্ঞাত নম্বর থেকে ফোনে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে তাকে অনুসরণ করছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
জিডিতে নিজের অবস্থান স্পষ্ট করে পিয়া জানান, অতীতে কিংবা বর্তমানে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন এবং তার বিরুদ্ধে চলমান এসব ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই বলে উল্লেখ করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, বনানী থানা পুলিশ এখন অভিযোগগুলোর সত্যতা যাচাই করে তদন্ত করবে। তদন্তে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আরু/


