২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন আর্জেন্টিনার একদল সমর্থক। তাদের দাবি, বিতর্কিত রেফারিংয়ের কারণে ম্যাচটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়নি। তাই বিশ্বকাপের ফাইনালটি পুনরায় আয়োজন করতে হবে।
এ দাবিতে অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ.অর্গে -এ একটি পিটিশনও চালু করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এতে ৮০ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
পিটিশনে অভিযোগ করা হয়েছে, ম্যাচ পরিচালনায় দায়িত্বে থাকা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আর্জেন্টিনার প্রতি অবিচার করেছেন। বিশেষ করে কয়েকটি ফাউল, পেনাল্টির দাবি এবং অতিরিক্ত সময়ের কিছু সিদ্ধান্ত নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
সমর্থকদের দাবি, এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
তবে ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সমর্থকদের এমন দাবির বাস্তবতা নেই। ফিফার নিয়ম অনুযায়ী শুধুমাত্র সমর্থকদের পিটিশন বা রেফারিং নিয়ে বিতর্কের কারণে বিশ্বকাপের কোনো ম্যাচ পুনরায় আয়োজনের বিধান নেই। সাধারণত গুরুতর প্রশাসনিক বা আইনগত কারণ ছাড়া ম্যাচের ফল পরিবর্তন বা রিপ্লে হয় না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। একপক্ষ আর্জেন্টিনার সমর্থকদের আবেগের প্রতি সহানুভূতি জানালেও, অন্যপক্ষ এটিকে ‘অযৌক্তিক’ ও ‘আজব দাবি’ হিসেবে আখ্যা দিচ্ছে। অনেকেই ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর ফ্রান্সের কিছু সমর্থকের রিপ্লে দাবির ঘটনাও স্মরণ করিয়ে দিচ্ছেন, যা শেষ পর্যন্ত কোনো গুরুত্ব পায়নি।
উল্লেখ্য, ১৯ জুলাই অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।
আরু/


