টানা ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির সব পরীক্ষার্থী এই স্থগিতাদেশের আওতায় থাকবেন। তবে অন্যান্য শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে একই কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
এদিকে কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বন্যা, পাহাড়ি ঢল ও সড়ক যোগাযোগে বিঘ্নের খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং চলাচলের দুর্ভোগ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরু/


