দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ৯৪৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১৫৯ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৭৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৭৩৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬ হাজার ৬২ জন।
তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
আরু/


