দেশজুড়ে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তবে এ সময় ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। আর বাকি ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
একই সময়ে দেশে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ জন, যা সংক্রমণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদান, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর-র্যাশসহ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে এ রোগের বিস্তার ও মৃত্যুঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে।
আরু/


