চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম (৪৫) গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, একটি মামলায় মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর থেকেই তিনি অসুস্থ বোধ করেন। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে থাকা অবস্থায় নুরুল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নুরুল আলমের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে।
আরু/


