আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট একটি স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বাজেট, যা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং একটি স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, একসময় বাজেট নিয়ে ‘গরিব মারার বাজেট’ বা ‘বড়লোকের বাজেট’ ধরনের সমালোচনা হতো। তবে এবারের বাজেট নিয়ে তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি, কারণ এটি গরিব, মধ্যবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, ব্যবসায়ী ও তরুণদের স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় এই বাজেট তৈরি করা হয়েছে, যা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করার একটি সুসংগঠিত রূপরেখা।
‘উচ্চাভিলাষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বপ্ন দেখার ক্ষমতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। বাংলাদেশকে শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে বড় লক্ষ্য নিয়েই এগোতে হবে।
কৃষি খাত প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের জন্য ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। কৃষি কার্ড, উৎপাদন বৃদ্ধির উদ্যোগ এবং বিভিন্ন সহায়তা কর্মসূচি বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা বাড়িয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু সনদনির্ভর নয়, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।
মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য, যুব উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খাল ও নদী পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠাকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার লুটপাট ও অর্থপাচারনির্ভর অর্থনীতির অবসান ঘটিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়তে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
আরু/


