সীমান্তে সব ধরনের অবৈধ পুশইন ও পুশব্যাকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা অবৈধ কোনো পুশইন বা পুশব্যাক সমর্থন করি না। বিজিবি সীমান্তে সর্বদা সতর্ক রয়েছে।”
পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর পুশইনের অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের খবর সরকার শুনছে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়নি। যদি কেন্দ্রীয় সরকার থেকে তালিকা পাঠানো হয়, তাহলে তা আইনানুগভাবে প্রত্যাবাসন (repatriation) প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পরিকল্পনা আগেভাগে প্রকাশ করা হবে না। তবে সেখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা থাকতে দেওয়া হবে না।”
তিনি জানান, দীর্ঘদিন ধরে বসবাসকারীদের উচ্ছেদ না করে প্রয়োজন হলে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার ও পোস্টমর্টেম বিলম্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, পোস্টমর্টেম না হলে মামলার বিচারিক প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। প্রয়োজনে পরে লাশ উত্তোলন করেও পোস্টমর্টেম করা সম্ভব।
শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়ার বিষয়ে তিনি বলেন, আদালত জামিন দেয়, সরকার আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। “অভিযুক্ত সবাই অপরাধী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার মাদক ও কিশোরগ্যাং সমস্যা দীর্ঘদিনের উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি রাতারাতি সমাধান সম্ভব নয়। সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং মাদক নিয়ন্ত্রণ আইন সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে।



