আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পরীক্ষামূলকভাবে টেস্ট ক্রিকেটে একই ম্যাচে পরিস্থিতি অনুযায়ী লাল ও গোলাপি বল ব্যবহারের অনুমোদন দিয়েছে। খারাপ আলো বা ফ্লাডলাইট পরিস্থিতিতে ম্যাচ ব্যাহত হলে নির্দিষ্ট শর্তে গোলাপি বলে খেলা চালানোর সুযোগ থাকবে।
সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রিকেট কমিটির প্রস্তাব অনুযায়ী নতুন এই নিয়ম পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে।
আইসিসি জানিয়েছে, সাধারণত টেস্ট শুরু হবে লাল বলেই। তবে দিনের শেষভাগে আলো কমে গেলে দুই দলের সম্মতিতে ফ্লাডলাইট জ্বালিয়ে গোলাপি বলে খেলা চালানো যাবে।
ধরা যাক, একটি দিনে ৯০ ওভারের মধ্যে ৭৫ ওভার শেষ হওয়ার পর আলো কমে গেলে বাকি ১৫ ওভার গোলাপি বলে সম্পন্ন করা যেতে পারে। তবে এ সিদ্ধান্ত কার্যকরে দুই দলের সম্মতি বাধ্যতামূলক থাকবে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গোলাপি বলে খেলার বিষয়ে অনাগ্রহ থাকায় নতুন নিয়ম নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। ফলে এই নিয়ম কতটা গ্রহণযোগ্যতা পাবে, তা নিয়েও আলোচনা চলছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করা হয়েছে। তবে তারা আইসিসি ইভেন্টে অংশ নিতে পারবে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া আইসিসি জানিয়েছে, টেস্টেও এখন থেকে পানি বিরতিতে কোচদের মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত আলোচনা করার সুযোগ থাকবে। বোলারদের অবৈধ অ্যাকশন শনাক্তে হক-আই প্রযুক্তির তথ্য ব্যবহার করা হবে।
আরও জানানো হয়েছে, ২০২৭ সালের নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে ১৪–২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া এমার্জিং নেশনস ট্রফিতে এবার ১০টি দল অংশ নেবে—পাঁচটি পূর্ণ সদস্য এবং পাঁচটি সহযোগী সদস্য দেশ।



