kbctgbd
৬ ডিসেম্বর ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার কুনিয়া তারগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ নভেম্বর নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকা থেকে বিল্লাল শেখকে গ্রেফতার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল ও ভাইয়ের ছেলে শাকিল। তাদের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালিয়ে বিল্লালকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেয়।
বিল্লাল শেখ সদর উপজেলার গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। তিনি চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৮ সালের একটি অর্থ জারি মামলায় আদালত দুই মাসের কারাদণ্ড ও ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিল্লাল শেখকে খুঁজতে গিয়ে গাজীপুরের কুনিয়া তারগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
উল্লেখ্য, এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে সদর থানা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোবরা এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।