kbctgbd
২৬ অক্টোবর ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ
এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামপুরের মধ্যম নাপিতখালীর সড়কটি বছর না পেরোতেই ভেঙে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এক কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে য়াওয়ায় লোকজনের মহা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা মনছুর আলম জানান,গত বছর সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। এতেই বছর না পেরোতেই সড়কটি ভেঙ্গে গেছে।
ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজার হয়ে ওয়ার্ডে মধ্যম নাপিতখালী আর ডুলাফকির মাজার সড়কে সংযুক্ত করে প্রায় ১ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজ হাতে নেয়া হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে এলজিইডি প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেয়। সড়কটি নির্মাণ কাজ পান স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কটির কাজ শেষ করেই গত জুলাই মাসে হস্তান্তর করে সংশ্লিষ্ট ঠিকাদার। তবে সে সময়ও কাজ নিয়ে বিভিন্ন কথা উঠে আসছিল।
স্থানীয়রা জানান,সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণের কারণে সড়কটির বিভিন্ন অংশেই ভেঙ্গে গেছে। সড়ক ভেঙ্গে খাদ সৃষ্টি হয়। ভেঙ্গে গেছে গাইড ওয়াল। একটু বৃষ্টি হলে সড়ক উপচেপড়ে পানি। ভঙ্গুর সড়ক দিয়ে নুরানী,মক্তব স্কুল-কলেজের শিক্ষার্থী,ব্যবসায়ী,চাকুরীজিবিসহ সাধারণ পথচারী ও মুসল্লীদের চলাচলে দুর্ভোগের শেষ নেই।
ফলে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।মধ্য নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান ও শিক্ষার্থী শাহরিয়ার চৌধুরী রাফিন জানান, এই সড়ক দিয়ে মধ্যম নাপিতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফোরকানিয়া নুরানি মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের মুসল্লী,লবণ শ্রমিকসহ অসংখ্য লোক জন যাতায়াত করে থাকেন প্রতিনিয়ত। তবে বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় নষ্ট হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ সময়। নিদারুন কষ্ট পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন খানের মতে,ভারী বর্ষণে অনেক রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। এসব সড়কের তালিকা করা হচ্ছে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সড়কের কাজ শুরুর কথাও জানান।সড়কটির সংস্কার হলে দুর্ভোগ কমবে এখানকার মানুষের। দ্রুত সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনাও করছেন স্থানীয়রা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।