তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারসহ দেশ জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক একটি বিশেষমহল শিক্ষকদেও হেনস্থা করে অপসারণ বন্ধের দাবিতে মৌলভীবাজারে সমাবেশ করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে আমরা’ নামক একটি সংগঠন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের শহীদ মিনার ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্বজিৎ নন্দী এবং সঞ্চালনা করেন ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী জুলী আক্তার। বক্তব্য রাখেন, অভিভাবক ও সামাজিক সংগঠনের সংগঠক খসরু চৌধুরী, আইনজীবী এডভোকেট আবুল হাসান, এডভোকেট ফারজানা বিপুল, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্রনেতা রাজিব সূত্রধর, শিক্ষার্থী মো. সালাউদ্দিন, রেহনুমা রশিদ নুরি, জুবায়েল আহমেদ, জিসান চৌধুরী, সালমান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাবেশে মৌলভীবাজার সরকারি কলেজ, মহিলা সরকারি কলেজ, শাহ মোস্তফা কলেজ, কাশিনাথ স্কুল এন্ড কলেজ, ইম্পেরিয়াল কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনে ছাত্র সমাজ জীবনবাজি রেখে তার ওপর অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে যখন প্রশাসন মাঠে নেই সেই সময়েও এই ছাত্র সমাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবেই রাষ্ট্র পরিচালনা করেছে। কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয় নাই। ছাত্রসমাজ তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বদিচ্ছা থাকলে দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
এমনকি এই বন্যায়ও আমাদের এই ছাত্র সমাজ সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে। কিন্তু দেখার বিষয় এরই মধ্যে সারাদেশের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জোরপূর্বক শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করেছেন। যে শিক্ষার্থীরা আইনের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করলো, সেই ছাত্র সমাজ কোন ভাবে আইন পরিপন্থী কোন কাজে যুক্ত থাকতে পারে না। আমাদের একদল আদর্শ শিক্ষক সমাজ দরকার, তাই বলে যদি শিক্ষকদের উপর হাত তুলি কিংবা উনাদের অপদস্ত করি কিংবা জোরপূর্বক অপসারণের মতো কাজে লেগে যাই তাহলে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? সমস্যার সমাধানের চেয়ে নতুন করে আরও সমস্যা তৈরি হবে।



