সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
পদ্মা নদীতে মানিকগঞ্জের হরিরামপুর অংশে এক জেলের জালে ৩২ কেজির কাতল মাছ ধরা পরেছে । মাছটি বিক্রিও হয়েছে ৩২ হাজার টাকায়। একক কোন ক্রেতা না থাকায় ৪ জনে মিলে মাছটি কিনেছেন বলে আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সুমন রাজবংশী রাধু জানিয়েছেন ।শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে পদ্মায় গোবিন্দ হালদারের বেড় জালে মাছটি ধরা পরে।
আড়তদার হৃদয় রাজবংশী ও মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার (৩০ মার্চ) ভোরে ৩২ কেজির কাতল মাছটি আন্ধারমানিক আড়ৎ এ নিয়ে আসেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জেলে গোবিন্দ হালদার। পরে মাছ ব্যাবসায়ী তপন রাজবংশী, নিপেন রাজবংশী ও আড়তদার সুমন রাজবংশী রাধুসহ চারজন মিলে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী নৃপেন রাজবংশী জানান , ৩২ কেজির কাতল মাছটি আজ ভোরে আড়তে নিয়ে আসলে আমরা চারজন মিলে ভাগে কিনে নেই। তিন ভাগ আমরা দুইজন মাছ ব্যবসায়ী, একজন আড়তদার ও আর একভাগ যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী আলিম ভাই নিয়েছেন।
ক্রেতা আলিম মিয়া বলেন, পদ্মার বড় মাছ কেনা আমার নেশার মতো। আজ ভোরে বয়ড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও আড়তদার রাধু দা ফোন করে ৩২ কেজির কাতলের চার ভাগের এক ভাগ নেয়ার কথা বললে এক ভাগ রাখতে বলেছি। আমি নিয়মিত পদ্মার বড় আইড় আর পাঙাশ কিনে থাকি।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, মাছের অভয়ারণ্যখ্যাত পদ্মায় বড় বড় আইর মাছ, পাঙাশ মাছ ও বোয়াল মাছ মাঝে মাঝে ধরা পরে। আজ বড় কাতল মাছ ধরা পরেছে বলে শুনেছি৷ তবে বিস্তারিত কিছু জানিনা।


