রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান একটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্য একটি মামলায় হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকী। সে সময় তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এর আগেই যদি তাকে গ্রেপ্তার না করা হয়, তবে আগামী রোববার বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন।
তবে আদালতে হাজিরার কয়েক ঘণ্টার মধ্যেই গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর ২০২৫ সালের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হন। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আসামি করা হয়। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো বিচারাধীন এবং নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।
আরু/


