জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। পরে চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন এবং তদন্ত সংস্থাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মোজাফফর হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি। গত ১৬ জুলাই দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।
প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ তদন্তাধীন রয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্ত কর্মকর্তারা।
আরু/


