সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায়ই কথা হতো বলে দাবি করেছেন এমন এক যুবককে চট্টগ্রামে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে গ্রেপ্তার ওই যুবকের নাম শহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৭)।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। পাশাপাশি ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ ও ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন তিনি।
এ ছাড়া ‘মো. শহিদুল ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর অভিযোগ, শহিদুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন। নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল-মিটিং পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আরও জানান, রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে।
আরু|



