চট্টগ্রামে চালু হতে যাচ্ছে দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাক। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং বিকল্প যাতায়াতব্যবস্থা তৈরির লক্ষ্যে বিমানবন্দর সড়কে নির্মাণ করা হয়েছে এই ট্র্যাক।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্র্যাকটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনের এক দিন আগে বৃহস্পতিবার বিমানবন্দর সড়কে গিয়ে এর সার্বিক প্রস্তুতি ও নির্মাণকাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় তিনি ট্র্যাকটি নিরাপদ, ব্যবহারবান্ধব ও দৃষ্টিনন্দনভাবে প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
চসিকের ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর সড়কটি চার লেনে উন্নীত করা হয়েছে। সড়কের দুই পাশে রয়েছে ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে মিড আইল্যান্ড। আর সড়কের এক পাশে ল্যান্ডস্কেপিং ও ওয়াকওয়ের সঙ্গে রাখা হয়েছে পৃথক সাইকেল ট্র্যাক।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই উদ্যোগ শুধু সাইকেল চলাচলের জন্য একটি আলাদা পথ নয়; বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের দিকে চট্টগ্রামের অগ্রযাত্রার অংশ। পৃথক লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে এবং নগরবাসীর মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ তৈরি হবে বলে আশা করছে চসিক।
চসিকের পক্ষ থেকে বলা হয়েছে, সাইকেল ব্যবহারের সুযোগ বাড়লে যানজট ও বায়ুদূষণ কমানোর পাশাপাশি নগরবাসীকে আরও সক্রিয় ও স্বাস্থ্যসচেতন জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব হবে। একই সঙ্গে বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার সঙ্গে সাইকেলভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর ট্র্যাকটি সর্বস্তরের নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছে চসিক। দেশের নগর পরিবহনব্যবস্থায় এটি নতুন ধরনের অবকাঠামো হিসেবে যুক্ত হচ্ছে।
আরু|



