ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার জামিন।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু পরীমনি আদালতে হাজির হননি। তার পক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করেন।
আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি তিনি।
অন্যদিকে, বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। পরে উভয় পক্ষের আবেদন বিবেচনা করে আদালত পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিন আদালতে অনুপস্থিত থাকায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ঢাকার আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।
২০২৪ সালে মামলাটির তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন আদালতে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে পরীমনি ও জিমির বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তবে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
পরে আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জিমির বিরুদ্ধে সমন জারি করেন। এরপর ২০২৪ সালের ২৫ জুন আদালতে হাজির হয়ে জামিন পান তারা।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে একটি ঘটনা নিয়ে পরীমনি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ওই ঘটনায় পরীমনিও নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন। পরবর্তীতে নাসিরের করা মামলাটি আলাদাভাবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে যায়।
এবার সাক্ষ্যগ্রহণের দিন আদালতে অনুপস্থিত থাকায় নতুন করে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
আরু|



