রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ এলাকা থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাকিবুলের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। তবে তাকে ডিবি গ্রেপ্তার করেনি এবং মামলাটির তদন্তও বর্তমানে ডিবি করছে না বলে জানান তিনি।
এর আগে ক্যান্টনমেন্ট থানার ওসি থাকাকালে গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তাকে মন্তব্য করতে শোনা যায়।
এ ছাড়া পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগও ওই কথোপকথনে উঠে আসে।
অডিওটি ছড়িয়ে পড়ার পরদিন রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে রাজধানীর রাজারবাগে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে ডিএমপি।
ওই দিন রাতে রাকিবুল হাসানকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে পরদিন ১৮ সেপ্টেম্বর ডিবি প্রধান শফিকুল ইসলাম তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার কথা অস্বীকার করেন।
এরপর প্রায় এক সপ্তাহ রাকিবুল হাসান কোথায় ছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেপ্তারের তথ্য প্রকাশ্যে আসে। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরু|



