চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত নেজাম পটিয়া উপজেলার মৃত কবির আহমদের ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে মো. নেজাম উদ্দিনের সঙ্গে শাহনাজ বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শাহনাজ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে ২০১২ সালের সেপ্টেম্বরে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম নগরে নিয়ে আসেন নেজাম।
তবে তাকে হাসপাতালে ভর্তি না করে বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেট সংলগ্ন ‘হোটেল আল-রেজা’র ৩১৯ নম্বর কক্ষে ওঠানো হয়। পরবর্তীতে ওই কক্ষ থেকেই শাহনাজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহত শাহনাজের বাবা মো. আজগর আলী অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ নেজাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। আদালত ২০১৪ সালের ১৮ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হয়। সব প্রমাণাদিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আদালত তাকে এই সাজা প্রদান করেন।
আরু/


