শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় প্রায় ৫৪হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১০ ডিসেম্বর (রবিবার) দুপুরে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আবাসিক চিকিৎসক (আরএমও) এনামুল হকের সভাপতিত্বে স্বাস্থ্য পরিদর্শক প্রণব কুমার ধরের সঞালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক প্রণয় রুদ্র।
সভায় উপস্থিত ছিলেন-মেডিকেল কর্মকর্তা ও রোগ নিয়ন্ত্রক চিকিৎসক সাঈদ মোহাম্মদ রিয়াদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, টেকনাফ মডেল থানার উপপরিদর্শক রায়হান উদ্দিন, উপজেলা ওসিসি কর্মকর্তা নাসিদুল ইসলাম আল ফারুকী, উপজেলা শিশু অধিকার কর্মকর্তা আল শাহরিয়ার, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মো মামুন প্রমূখ।
সভায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উপরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে সকল বিষয় তুলে ধরে ভিডিও প্রদশন ও আলোচনা করা হয়।এবার উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫৮টি ঠিকাদান কেন্দ্র ও দুটি ভ্রাম্যমান ঠিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৬ হাজার ৪৭৫ এবং ১২-৫৯ মাস বয়সী ৪৭হাজার ৪৭৪ জনসহ সবমোট ৫৩হাজার ৯৪৯জনকে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) খাওয়ানো হবে এ ক্যাপসুল।
প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস খুবই গুরুত্বপূর্ণ। এসময় ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যাতে কোন শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সেজন্য যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন থাকতে হবে। কেননা এসব শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনতে হবে।


