মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রামের পটিয়ায় ‘জুলাই গণসমাবেশ’ ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে আসছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তাপ বিরাজ করছে।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পটিয়া থানার মোড়ের একটি রেস্টুরেন্টে জরুরি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদের পটিয়া উপজেলা শাখা। সংবাদ সম্মেলনে সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন নেতারা।
তাদের অভিযোগ, সমাবেশ পণ্ড করতে বিভিন্ন মহল থেকে প্রকাশ্য ও গোপন হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে শ্রীমাই ব্রিজ, শাহচান্দ আউলিয়ার মাজার গেট এবং গ্রিচৌধুরী বাজার এলাকায় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে।
নেতারা বলেন, ‘গণতান্ত্রিক দেশে মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু ব্যানার-পোস্টার ছেঁড়া কিংবা হুমকি দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এসব আচরণ অশুভ, অগণতান্ত্রিক এবং কাপুরুষোচিত।’
তারা আরও বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা এই জাতিকে অন্যায়ের কাছে মাথানত করতে শেখায়নি। এবারও পটিয়ার মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ জুলাই (শনিবার) পটিয়ার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই গণসমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নুরুল হক নুর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ও গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।
সমাবেশ সফল করতে নেতারা পটিয়াবাসীর সহযোগিতা কামনা করেন এবং জানান, গণ অধিকার পরিষদ পটিয়াকে ‘চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা’ হিসেবে গড়তে কাজ করছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আহ্বায়ক ডা. এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আরাফাত (নবাব), ছাত্র অধিকার পরিষদের গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদসহ অঙ্গ-সংগঠনের নেতারা।


