পর্যটকদের জন্য সুখবর! বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক পরিবহন শুরু করেছে তিনটি জাহাজ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জাহাজ তিনটির চলাচলের অনুমোদন দিয়েছে।
অনুমোদন পাওয়া জাহাজগুলো হলো- এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ।
তিনটি জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
জাহাজমালিকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে জাহাজগুলো। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর অনুমোদনের পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর শুরু হচ্ছে এ নৌযাত্রা।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় এবং এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে ঘাট ছাড়বে। অন্যদিকে এমভি টেকনাফের যাত্রা শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। জাহাজটি বেলা সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিনে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ দিয়েছে সরকার। এ সময় দ্বীপটিতে রাত্রিযাপনেরও অনুমতি রয়েছে।
তবে সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের জন্য ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন।
দীর্ঘ অপেক্ষার পর পর্যটকবাহী তিনটি জাহাজের চলাচল শুরু হওয়ায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরবে সেন্টমার্টিনের পর্যটন খাতে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরু|



