ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন প্রায় দুই হাজার মানুষ। সবার অপেক্ষা ছিল প্রিয় তারকাকে একনজর দেখার। কিন্তু শেষ পর্যন্ত দেখা মিলল অন্য এক বর-কনের!
শনিবার (৮ আগস্ট) ফুনশাল ক্যাথেড্রালে বিয়ে করেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি। রোনালদো ও জর্জিনার বিয়ে হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক মানুষ ও সাংবাদিক জড়ো হন।
কনে নিকোল ক্যাথেড্রালে প্রবেশের সময় ভিড়ের অনেকেই ধারণা করেছিলেন, হয়তো এটাই রোনালদোর বিয়ের অনুষ্ঠান। পরে কনেকে দেখে তাদের ভুল ভাঙে। এত মানুষের ভিড়ে নিকোলের জন্য গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে বলে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়।

ঘটনার পর ফুনশাল ক্যাথেড্রাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানায়। একই সঙ্গে জানানো হয়, রোনালদোকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবের কারণে এত সাংবাদিক, পর্যটক ও কৌতূহলী মানুষের ভিড় হয়েছিল এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি।
তবে রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জন একেবারে হাওয়ায় তৈরি হয়নি। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরায় তাদের বিয়ের সম্ভাবনার খবর প্রকাশিত হয়েছিল। ফুনশাল ক্যাথেড্রালকে সম্ভাব্য ভেন্যু এবং একটি বিলাসবহুল হোটেলে পরবর্তী আয়োজনের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

কিন্তু ৮ আগস্টের সেই নির্দিষ্ট বিয়ের খবরের কোনো সত্যতা মেলেনি। বরং রোনালদোর ভক্তরা ভুল বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে তৈরি করেছেন এক অদ্ভুত পরিস্থিতি।
ঘটনাটি নিয়ে অবশ্য রোনালদো নিজেও মজা করেছেন। ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান পর্তুগিজ তারকা।
অর্থাৎ, রোনালদোর বিয়ের অপেক্ষায় জড়ো হওয়া হাজারো মানুষকে শেষ পর্যন্ত দেখতে হয়েছে অন্য এক দম্পতির বিয়েআর এই অদ্ভুত ভুলই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার বিষয়।
আরু|খব



