বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। তাকে দলে ভেড়াতে গিয়ে নিজেদের দীর্ঘদিনের জার্সি-সংক্রান্ত নিয়মেই পরিবর্তন এনেছে চিলির প্রিমেরা ডিভিশন ফুটবল লিগ।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন ৪০ বছর বয়সী এই গোলকিপার। তবে তার অন্যতম শর্ত ছিল, জার্সিতে পারিবারিক পদবির পরিবর্তে সবার পরিচিত ডাকনাম “ভোজিনহা” ব্যবহারের অনুমতি দিতে হবে।
এতদিন চিলির শীর্ষ লিগের নিয়ম ছিল, খেলোয়াড়দের জার্সিতে কেবল তাদের পারিবারিক পদবি (সারনেম) লেখা যাবে। কিন্তু সব ক্লাবের সর্বসম্মত সিদ্ধান্তে এবার সেই নিয়মে ব্যতিক্রম করা হয়েছে। ফলে ভোজিনহা নিজের পরিচিত নামই জার্সিতে ব্যবহার করতে পারবেন।
যদিও কোলো-কোলোতে তার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, এখনও আনুষ্ঠানিক চুক্তিতে সই হয়নি। প্রথমে ভিসা-সংক্রান্ত জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্ধারিত সময়ে সান্তিয়াগো যাওয়ার ফ্লাইটে ওঠেননি তিনি।
ক্লাবের পরিচালক হেইমে পিজারো এবং প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, ভোজিনহার এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের বিশ্বাস, ব্যক্তিগত সমস্যার সমাধান হলেই তিনি দ্রুত চিলিতে এসে দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে জার্সিতে ডাকনাম ব্যবহারের অনুমতি পাওয়াকে অনেকেই চিলির ফুটবলে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে ভোজিনহার চিলি যাত্রা বিলম্বিত হওয়ায় কোলো-কোলো সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, খুব শিগগিরই আনুষ্ঠানিকতা শেষ করে বিশ্বকাপে আলোচিত এই গোলরক্ষক নতুন ঠিকানায় মাঠে নামবেন।
আরু/


