নোয়াখালীর সেনবাগে চলন্ত পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। আটকের সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পিকআপটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে কয়েকজন তরুণ সেবারহাট যাওয়ার কথা বলে গাড়িটিতে উঠে পড়েন। পরে চলন্ত পিকআপে তারা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
বিষয়টি স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর নজরে পড়লে তারা মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন। পরে সেবারহাট বাজার এলাকায় পিকআপটির পথরোধ করে ঘেরাও করা হয়। সেখান থেকে ৯ কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্রের দাবি, আটকের পর কিশোরদের মারধর করা হয়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশে খবর দিলে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, কিশোরেরা একটি পিকআপে চড়ে ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাচ্ছিল এবং ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল। ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।
তিনি জানান, আটক কিশোররা বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরু|



