দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় পরীক্ষার সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। পর্যায়ক্রমে এসব কিট দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা কিটগুলো হস্তান্তর করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ৫ লাখ কিট দেশের বিভিন্ন উপজেলায় পৌঁছে দেওয়া হবে।
একুশে টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব কিট যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ‘STRIDES’ কার্যক্রমের আওতায় সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করাই এ সহায়তার অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তিনি ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং রোগনির্ণয়ের সক্ষমতাও ঘুরে দেখেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষার কিট, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জামের মজুত বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে এসব উপকরণ পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ।
আরু|



