বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা খননকাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান এক শ্রমিক। পরে বিষয়টি তিনি অন্য শ্রমিকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ৩৩৪টি গুলি উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খননকাজের সময় মাটির ভেতর থেকে গুলিগুলো পাওয়া গেছে। সেখানে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের কি না, অথবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হওয়া গুলির অংশ কি না_তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আরু|



