দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া, প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর কথিত মন্তব্যের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, শাহবাগ ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীরা সড়কে নেমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। একই সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা ও বরিশাল শিক্ষা বোর্ডের সামনেও কর্মসূচি পালন করা হয়।
সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা “এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ” এবং “তুমি কে, আমি কে—ফার্মের মুরগি”সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে হাজারো পরীক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেকের এডমিট কার্ড, ক্যালকুলেটর ও প্রয়োজনীয় কাগজপত্র বৃষ্টিতে নষ্ট হয়েছে। এছাড়া সাম্প্রতিক পরীক্ষার কয়েকটি প্রশ্নে ত্রুটি থাকার অভিযোগও তুলে তারা পরীক্ষা স্থগিত ও পুনঃপরীক্ষার দাবি জানান।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা, বৃষ্টিতে নষ্ট বা হারিয়ে যাওয়া এডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহ করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী ও বিভিন্ন শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।
আরু/


