দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টা ২৯ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪, যা তুলনামূলকভাবে হালকা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। এর কেন্দ্রস্থল ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কম্পন অনুভূত হয়।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আকস্মিক কম্পনে কিছু এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি।
এরও আগে ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানে। সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে তুলনামূলক বেশি সময় ধরে কম্পন অনুভূত হয়েছিল।
সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
আরু/



