বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে উজিরপুর শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম বায়জীদ হোসেন মিঠু। তিনি উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন মিঠু। পরে এসব গোপন ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের অনৈতিক কাজে বাধ্য করা এবং ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শনিবার রাতে উপজেলা পরিষদ এলাকার একটি বাসার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটকের পর মিঠুর ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপনে ভিডিও ধারণ ও তা দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে আটক এই ব্যক্তির বিরুদ্ধে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
আরু|



