চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা গেছে।
শনিবার ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গেলে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাঁকে আটক করা হয়।
আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল সদর উপজেলার আদি টাঙ্গাইল গ্রামের বাসিন্দা।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তাঁর পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাইয়ের সময় টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে আটক করে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন জানান, আটক তাওহীদুল ইসলাম বুখারীকে দর্শনা থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাঁকে টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আটকের বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাওহীদুলের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা রয়েছে। তবে কী কারণে তিনি ভারতে যাচ্ছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
তাঁকে নিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে টাঙ্গাইল থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আরু|



