রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন চিফ হুইপ।
জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয়ী একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, তাঁদের অনেকের বক্তব্য অশালীন। এ ধরনের বক্তব্য থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বিরোধী দলের একাধিক লংমার্চ কর্মসূচি আয়োজনেরও সমালোচনা করেন চিফ হুইপ।
তাঁর দাবি, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রতিবারই বিএনপি সেই সংকট থেকে দেশকে টেনে তুলেছে। পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করেন তিনি।
দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য শেখ হাসিনার সরকারের নীতিকে দায়ী করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় হামের টিকা কার্যক্রম নিয়েও কথা বলেন চিফ হুইপ। তাঁর দাবি, দুই বছর যথাযথভাবে হামের টিকা দেওয়া হয়নি। এর খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে।
সম্মেলনে দেওয়া বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আরু|



