জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, প্রামাণ্যচিত্রটি দেখলে মনে হতে পারে, জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি; বরং এটি বিএনপির দলীয় অভ্যুত্থান ছিল।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন।
তিনি জানান, রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
তাঁর অভিযোগ, সেখানে ৩ আগস্ট ঘোষিত ‘জুলাইয়ের এক দফা’ কর্মসূচির কোনো উল্লেখ নেই। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম বা পরিচয়ও প্রামাণ্যচিত্রে স্থান পায়নি।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, “ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে, জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে।”
তিনি আরও দাবি করেন, ইতিহাসকে দলীয়ভাবে উপস্থাপনের যে প্রবণতা আওয়ামী লীগের মধ্যে ছিল, বিএনপিও একই পথ অনুসরণ করছে বলে তাঁর মনে হচ্ছে।

পোস্টের শেষাংশে বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, “এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, ডিয়ার বিএনপি? শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই দলীয়করণ ও ইতিহাস দখলের কলঙ্ক মুছে ফেলা যাবে না।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা ও ইতিহাস সংরক্ষণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও বিভিন্ন কর্মসূচি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে আসছে।
আরু||খব



