ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হোসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলীয় একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে ভিসা এখনো হাতে না পাওয়ায় বিমানের টিকিট কাটা হয়নি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ছাড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এনসিপির একাধিক নেতা জানান, প্রয়াত ইরানি নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, এ সফর বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এনসিপির সঙ্গে ইরানের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে আরও একটি প্রতিনিধিদল যাচ্ছে। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ইরানি পার্লামেন্টের স্পিকারের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে দলটির একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। ৯ জুলাই পর্যন্ত চলা এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধি দলে আরও থাকবেন সংসদ সদস্য মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এস এম খালিদুজ্জামান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ৪ জুলাই তেহরানে শুরু হবে। পরে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিদের এ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
আরু/


