চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন এনায়েত আলী (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা।
সোমবার (২৯ জুন) রাত প্রায় ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার সোলতান আহমদের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত এনায়েত আলী একই এলাকার বাসিন্দা। রাতে একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে আগে থেকেই ওত পেতে থাকা ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
আহতের ছোট ভাই লিয়াকত আলী জানান, এলাকায় একটি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। পাশাপাশি রাজনৈতিক বিরোধও হামলার কারণ হতে পারে বলে তাদের ধারণা। হামলায় এনায়েত আলীর হাত, পা ও বুকে গুলি লেগেছে।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম বলেন, দোকান থেকে বাড়ি ফেরার সময় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এ হামলা চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত এনায়েতকে উদ্ধার করেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সাতকানিয়া থানা পুলিশ। পুলিশের অভিযানে মো. রায়হান (২৬) নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, হামলাকারীরা ছররা গুলি ব্যবহার করেছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ ও রাজনৈতিক বিরোধ—উভয় দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
আরু/


