আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। সম্প্রতি কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
শনিবার (২৭ জুন) ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স গণমাধ্যমকে জানান, ডা. প্রাণ গোপাল দত্ত তাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি ঠিক কবে থেকে সেখানে পাঠদান শুরু করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি আধুনিক শ্রেণিকক্ষে মেডিকেল শিক্ষার্থীদের সামনে লেকচার দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নাক-কান-গলা (ইএনটি) বিষয়ক একটি ক্লাস নিচ্ছিলেন। এছাড়া কলেজটির ইউটিউব চ্যানেলে তার একাধিক ক্লাসের ভিডিওও পাওয়া গেছে।
এর আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও ভারতীয় একটি মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে তার কর্মরত থাকার খবর প্রকাশিত হয়েছিল। সর্বশেষ প্রকাশিত ভিডিও তার বর্তমান অবস্থান সম্পর্কে নতুন করে ইঙ্গিত দিয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না মিললেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দেশের একজন প্রখ্যাত নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এর সাবেক উপাচার্য। চিকিৎসাবিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরু/


