দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এই নির্বাচন। সবশেষ ধাপের ভোট হবে ২৭ মে। অর্থাৎ, মে মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে কমিশন।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ মে। পাঁচ ধাপের সব ভোটই হবে বৃহস্পতিবার।
নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের নির্ধারিত সময় ইতোমধ্যে পার হয়েছে অথবা আগামী সময়ের মধ্যে আইনি মেয়াদ শেষ হবে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ভোট আয়োজন করা হবে। এ ক্ষেত্রে জেলা সদর উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদগুলোকেও গুরুত্ব দেওয়া হবে।
এবার কোনো একটি অঞ্চলকে আলাদা করে নির্বাচন আয়োজন না করে দেশের সব জেলায় একযোগে নির্বাচনী কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে কমিশনের।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ বিবেচনায় নিয়ে প্রথম ধাপের ভোটের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনের এই পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে আগামী ২৭ মে’র মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরু|



