রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার (১০ অক্টোবর) সকালে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। সকালে প্রতিষ্ঠানগুলো খুললে ফুটেজ সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উদ্ধার করা অবিস্ফোরিত বস্তুটি পরীক্ষা করে কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলেও জানান ডিসি ইবনে মিজান।
তাঁর ভাষ্য অনুযায়ী, বস্তুটি অনেকটা পটকার মতো ছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনের সামনে এমন ঘটনা কীভাবে ঘটল, সে বিষয়ে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ডিসি ইবনে মিজান বলেন, মূল সড়ক এড়িয়ে দুর্বৃত্তরা লিংক রোড ব্যবহার করে ঘটনাস্থলে এসেছিল। মূল সড়লকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করে ককটেল নিক্ষেপ করে চলে যায়।
তিনি আরও জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
আরু|



