পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
বাংলাদেশ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ২৯ সেপ্টেম্বর ভোরে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা হয়।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকির দাবি, তদন্ত ও হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হামলার সঙ্গে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। তবে এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়নি। কেন্দ্রটি মসজিদে নববীসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ।
তবে হামলার দায় সরাসরি অস্বীকার করেছে হুথিরা। ফলে হামলার দায় নিয়ে সৌদি জোটের অভিযোগ ও হুথিদের অস্বীকার, দুই পক্ষের বক্তব্যই সামনে এসেছে।
আরু|



